বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : ক্ষেত্রী থানার অন্তর্গত জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গুয়াহাটি থেকে নগাঁও অভিমুখে যাচ্ছিল AS 01 DX 5663 নম্বরের একটি দ্রুতগতির গাড়ি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতরা হলেন নগাঁওয়ের ননই এলাকার রিবুল আলি (১৭), মনিমা বেগম (৪০) এবং আমিরউদ্দিন (৪০)। অন্যদিকে, গাড়িটির আরও তিন যাত্রী পুতুমাই বেগম (৫৫), আনিসুর সুলতানা (১০) এবং রুস্তম আলি (৫০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত সোনাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর তিনজন গুরুতর আহত হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ক্ষেত্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুস্তম আলির ছেলে কর্মসূত্রে কুয়েতে যাওয়ার জন্য বিমানবন্দরে তাঁকে পৌঁছে দিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথেই ক্ষেত্রী এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন রুস্তম আলি। দুর্ঘটনায় তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও তাঁর স্ত্রী মনিমা বেগম, ছেলে রিবুল আলি এবং শ্যালক আমির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।



