জাতীয় মঞ্চে পাথারকান্দি কলেজ, ‘বিকশিত ভারত যুব কানেক্ট’-এ অংশগ্রহণ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : জাতীয় পর্যায়ের বৃহৎ কর্মসূচি ‘বিকশিত ভারত যুব কানেক্ট—স্পোর্টস এডিশন’-এ অংশগ্রহণের সুযোগ পেয়ে গর্বিত শ্রীভূমির পাথারকান্দি কলেজ। জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আগামী ২৭ আগস্ট দেশের প্রায় ১৬০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী ও তরুণ অংশ নেবেন। শ্রীভূমি জেলার দুটি কলেজের মধ্যে পাথারকান্দি কলেজও এই সম্মানজনক আয়োজনে যুক্ত হয়েছে।

আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় দেশজুড়ে একযোগে শুরু হবে অনুষ্ঠান। কর্মসূচির অন্যতম আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বার্তা। দেশের যুবসমাজের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন এবং ক্রীড়াক্ষেত্রে ভারতের অগ্রগতি, যুবসমাজের ভূমিকা ও ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের দায়িত্বের কথা তুলে ধরবেন।

ক্রীড়াকে কেন্দ্র করে যুবসমাজের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত মানসিকতা, আত্মবিশ্বাস ও দেশ গঠনের চেতনা জোরদার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, নতুন প্রতিভার সন্ধান এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় ক্রীড়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণের পর পাথারকান্দি কলেজে শিক্ষার্থী ও ‘MY Bharat’ ভলান্টিয়ারদের নিয়ে প্রায় ১৫ মিনিটের একটি ইন্টার‌্যাক্টিভ সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে তরুণরা ক্রীড়ার ভবিষ্যৎ, স্থানীয় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাবেন।

এদিকে,  অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন কলেজের অধ্যক্ষ ডঃ মনজুরুল হক। তিনি বলেন, জাতীয় পর্যায়ের এই কর্মসূচিতে পাথারকান্দি কলেজের অংশগ্রহণ শুধু প্রতিষ্ঠানের নয়, সমগ্র পাথারকান্দি এলাকার জন্যই গর্বের বিষয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-অধ্যাপক ড. অমরেন্দ্র, ড. প্রদীপ দোলে, নির্মলেন্দু দাস, ড. সালিকুজামান, সতরুপা দেব ও বিমান কান্তি নাথ। কলেজ কর্তৃপক্ষ শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সচেতন নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। প্রতি বছর ২৯ আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তার প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পাথারকান্দির তরুণদের জাতীয় পর্যায়ের মঞ্চে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষা ও যুবমহলে ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *