শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : কাছাড়ের কাটিগড়া থানার অন্তর্গত চেরাগি বাজার এলাকা থেকে এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম প্রদীপ মালাকার (৩০)। তিনি ত্রিপুরার ধর্মনগর থানার ৩ নম্বর ওয়ার্ডের মায়া বেকারি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে প্রায় দুই মাস ধরে চেরাগি বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন প্রদীপ। গত ২১ আগস্ট ভোর প্রায় ৫টা নাগাদ তিনি নিখোঁজ হয়ে যান বলে পরিবারের দাবি। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও তাঁর কোনও সন্ধান মেলেনি।
পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায় অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছে পরিবার। নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশি তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রদীপ মালাকারের স্ত্রী ববিতা ধর জানান, স্বামীর কোনও সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁর সন্ধান পেলে ৯১৮১৫৪০৫৯১ নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে, প্রিয়জনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে প্রদীপের পরিবার। তাঁর অবস্থান সম্পর্কে কোনও তথ্য কারও কাছে থাকলে নিকটবর্তী থানায় জানানোর পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



