এনআরসি দাবিতে মশাল মিছিল পূর্ব ইম্ফলে

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : মণিপুরে জনগণনা শুরু করার আগে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) দাবিতে শনিবার রাতে ইম্ফল পূর্ব জেলার খুরাই এলাকায় বিপুল সংখ্যক মহিলা মশাল মিছিল বের করেন। খুরাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মহিলারা লামলং বাজারে জড়ো হন। সেখান থেকে টেল্লিপাটি হয়ে মিছিলটি ফের লামলংয়ে ফিরে আসে। মিছিল চলাকালীন বিক্ষোভকারীরা এনআরসি হালনাগাদ না করে জনগণনা পরিচালনার বিরোধিতা করে স্লোগান দেন। পাশাপাশি, কথিত অবৈধ অভিবাসীদের রাজ্যে প্রবেশ রুখতে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

এনআরসি ইস্যুতে রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতৃত্ব যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

জনগণনার আগে এনআরসি হালনাগাদের দাবিতে আন্দোলন চালিয়ে আসা ‘ক্যাম্পেইন ফর জাস্ট অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশন’ (JFD)-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই মশাল মিছিলের আয়োজন করা হয়। সম্প্রতি সংগঠনটি তাদের আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছিল।

JFD আরও একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে প্রতিদিন রাতে মশাল মিছিলের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর বয়কটের আহ্বান জানানো হয়েছে। তবে স্বাস্থ্য, শিক্ষা, জল সরবরাহ ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবাগুলিকে এই বয়কটের আওতার বাইরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *