পশ্চিম সিঙ্গারি–নয়াগ্রাম কানেক্টিভ রোড সংস্কারে বাধা, ক্ষোভ স্থানীয়দের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচর-রামনগর বাইপাস সংলগ্ন পশ্চিম সিঙ্গারি থেকে দুবরি বিল হয়ে নয়াগ্রাম পর্যন্ত কানেক্টিভ রোড সংস্কারের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কিছু জমির মালিকের বিরুদ্ধে। দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে বাধা সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। স্থানীয়দের দাবি, প্রায় শতবর্ষ আগে এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে তাঁদের পূর্বপুরুষরা সড়ক নির্মাণের জন্য জমি দান করেছিলেন। দীর্ঘদিন ধরে সরকারি অনুদান ও সংস্কারের অভাবে সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি একটি বহুজাতিক সংস্থা সড়কটির সংস্কারের কাজে হাত দিলে কয়েকজন ব্যক্তি তাতে বাধা দিতে শুরু করেন বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, শুধু কাজ বন্ধ করার চেষ্টা নয়, নির্মীয়মাণ সড়কের অংশ জেসিবি দিয়ে উপড়ে ফেলারও চেষ্টা করা হয়েছে। এতে এলাকার কৃষক, মৎস্যজীবী, গবাদিপশু পালনকারীসহ ১০ হাজারেরও বেশি মানুষের চলাচল ও জীবিকা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শিলচর শহরের পশ্চিম প্রান্তের বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত সিঙ্গারি এলাকার মানুষের কাছে এই সড়কটি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। পশ্চিম সিঙ্গারি থেকে ঐতিহ্যবাহী দুবরি বিল এবং নয়াগ্রামের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সড়কটির বিশেষ গুরুত্ব রয়েছে। বহু বছর ধরে কৃষিকাজ, মাছ ধরা ও গোচারণের কাজে এলাকার মানুষ এই পথ ব্যবহার করে আসছেন।

বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষে দেবাশিস সিনহা, রাধারমন সিনহা, হীরেন্দ্র কুমার সিনহা, বাবুতন সিনহা ও রাজেন্দ্র সিনহা প্রমুখ সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, বৃহত্তর জনস্বার্থে সড়ক সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। সংস্কারে বাধা অব্যাহত থাকলে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে।

স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে ১০ হাজারেরও বেশি মানুষের স্বার্থে বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি জানানো হয়েছে। তাঁদের আশা, প্রশাসনের উদ্যোগে দ্রুত সমস্যার সমাধান হবে এবং দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কারের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *