হাইলাকান্দিতে বাকসের বর্ষসেরা পুরস্কার বিতরণ

Spread the news
আর্থিকভাবে অনগ্রসরখেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে শনিবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বাকস বর্ষসেরা পুরস্কার ২০২৫-২৬ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর হাইলাকান্দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকসহ মোট ১৮ জনকে বর্ষসেরা পুরস্কারে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে এথলেটিকস কোচ রাজা দাস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পিনাকী ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক শৈবাল সেনগুপ্তকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বরুয়া। বাকসের হাইলাকান্দি জেলা শাখার সভাপতি শতানন্দ ভট্টাচার্য-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাকসের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, কাছাড় জেলা সভাপতি তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, হাইলাকান্দি জেলা সম্পাদক নীলোৎপল দেব, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সচিব কিংকর দাস, প্রাক্তন খেলোয়াড় রণবিজয় দেব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সচিব আনিসুর রহমান বড়লস্কর, খেলোয়াড় সৌম্যকান্তি পাল, সুপর্ণা দাস, গৌতম কুমার দাস এবং ক্রীড়া সংগঠক তাপস পাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাটলিছড়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তাপস পাল আর্থিকভাবে অনগ্রসর প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনেক প্রতিভাবান খেলোয়াড় আর্থিক সমস্যার কারণে তাঁদের প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারেন না। তাঁদের প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজন মেটাতে সমাজের সামর্থ্যবান মানুষ ও ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুরস্কার তুলে দেন বাকসের হাইলাকান্দি জেলা সভাপতি শতানন্দ ভট্টাচার্য, জেলা সম্পাদক নীলোৎপল দেব, কেন্দ্রীয় সভাপতি রতন দেব, কাছাড় জেলা সভাপতি তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সচিব কিংকর দাস, শংকরী চৌধুরী, অভিজিৎ ভট্টাচার্য, সঞ্জয় দাস, যীশু শুক্লবৈদ্য, রাহুল চক্রবর্তী, রামধন দাস, জাকির মজুমদার, দীপঙ্কর দত্ত, অনুপম মালাকার, অমিতাভ শর্মা, মিঠুলাল চৌধুরী, মৌসম মালাকার ও বিধান সেন প্রমুখ।

বর্ষসেরা পুরস্কারপ্রাপকরা
পুরুষ ক্রিকেটে সৌম্যকান্তি পাল, মহিলা ক্রিকেটে রেশমি সিনহা, পুরুষ ফুটবলে ভ্লুগুলশান সাকাচেপ, মহিলা ফুটবলে সুপ্রিতা মালাকার, দাবায় ক্রিস খেরখাটারি, পুরুষ ভলিবলে সুরজিৎ দাস, মহিলা ভলিবলে পুষ্পাঞ্জলি সিনহা, পুরুষ তাইকোয়ান্ডোয় পার্থ শর্মা, মহিলা তাইকোয়ান্ডোয় পঞ্চমী দাস, তাইকোয়ান্ডোয় হামিদা নুর লস্কর, ফুটসলে পুষ্প সাহু, থলেটিকসে গৌতম কুমার দাস, সুপর্ণা দাস, দেবজিত দাস, প্রিয়সী দাস, মিদুল রায় ও সম্রাট রায় এবং ক্রীড়া সংগঠক হিসেবে তাপস পাল বর্ষসেরা পুরস্কারে সম্মানিত হন। খেলোয়াড়দের রত্না দেব স্মৃতি পুরষ্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সুদর্শন মিউজিক অ্যাকাডেমির শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সংস্কৃতিকর্মী শংকর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা খেলোয়াড়দের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ পথচলায় সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বাকসের এই উদ্যোগ হাইলাকান্দির ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *