দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বাবা-মা ও প্রবীণ নাগরিকদের আইনি অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে শনিবার শিলচরের উন্নয়ন ভবনে একটি আইনি সহায়তা ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ২০০৭ সালের Maintenance and Welfare of Parents and Senior Citizens Act-এর আওতায় এই ক্লিনিক চালু করা হয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি কৌশিক গোস্বামী এবং আসাম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যনির্বাহী চেয়ারম্যান মাইকেল জোথাংখুমা।
বক্তব্য রাখেন বিচারপতি কৌশিক গোস্বামী, আসাম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সদস্য দেবাশিস ভট্টাচার্য, কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়সহ জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা জানান, নতুন এই ক্লিনিকের মূল উদ্দেশ্য হল প্রবীণ নাগরিকদের তাঁদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা। ২০০৭ সালের সংশ্লিষ্ট আইনে ৬০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সন্তান ও নির্দিষ্ট আত্মীয়দের ওপর আইনগতভাবে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া বরিষ্ঠ আইনজীবী বীথিকা আচার্য বলেন, বয়স্ক ও প্রবীণ নাগরিকদের বিশেষ যত্ন ও সুরক্ষার প্রয়োজন রয়েছে। বিশেষ করে অবহেলার শিকার কিংবা নিজেদের মৌলিক চাহিদা পূরণে অক্ষম প্রবীণদের জন্য আইনি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনের বিভিন্ন দিক তুলে ধরে আশা প্রকাশ করেন, এই ক্লিনিক প্রবীণদের আইনি সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ক্লিনিক উদ্বোধনের সময় উপস্থিত প্রবীণ নাগরিক গৌরী দত্ত বিশ্বাস উদ্যোগটির প্রশংসা করে বলেন, “এটি আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ দিন। আশা করি, সবাই এর মাধ্যমে উপকৃত হবেন।”
অনুষ্ঠান শেষে ১৫ জন প্রবীণ পুরুষ ও মহিলার মধ্যে চেয়ার বিতরণ করা হয়। নতুন এই আইনি সহায়তা ক্লিনিকের মাধ্যমে প্রবীণ নাগরিকরা বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণের পাশাপাশি তাঁদের অধিকার সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে সহায়তা পাবেন। অনুষ্ঠানে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলাই দেব উপস্থিত ছিলেন।



