শিলঙে বিবেকানন্দ-নেতাজির মূর্তি ভাঙচুরের প্রতিবাদ, কড়া পদক্ষেপের দাবি

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট :
শিলঙে বিশ্ববরেণ্য মনীষী স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর-পূর্বভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে এক বিবৃতিতে এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, খাসি ছাত্র সংস্থার কিছু দুষ্কৃতীর এ ধরনের কর্মকাণ্ড দেশবাসী মেনে নেবে না। এর ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

হারাণ দে আরও অভিযোগ করেন, ইতিমধ্যেই শিলঙে আসামের নম্বরযুক্ত যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটছে। এমনকি হামলার ঘটনায় আসামের বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন বলেও তাঁর দাবি। তিনি বলেন, মেঘালয় সরকারের উচিত অবিলম্বে কঠোর হাতে এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করা। অন্যথায় এর বিরূপ প্রতিক্রিয়া মেঘালয়ের বাইরেও পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

আরও বলেন, চিকিৎসার জন্য উত্তর-পূর্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শিলঙে যান এবং নেংগ্রিমসসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ফলে মেঘালয় সরকারকে চিকিৎসা নিতে আসা রোগী, তাঁদের পরিজন এবং অন্যান্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *