২০ সেপ্টেম্বর : বারাণসীতে এনকাউন্টারে নিহত শীর্ষ মাওবাদী নেতা ব্রিজেস গঞ্জু ওরফে গোপাল সিং ভোক্তা। রবিবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)-র অভিযানে নিহত হন ঝাড়খণ্ডের নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)-র এই শীর্ষনেতা। ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) যৌথ ভাবে তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা ঘোষণা করেছিল।
এটিএস সূত্রে খবর, রবিবার ভোর ৫টা নাগাদ বারাণসীর রামনগর থানা এলাকার তেংরা মোড়ের কাছে এই এনকাউন্টার করা হয় গঞ্জুকে। পুলিশকর্তারা গোপন সূত্র মারফত খবর পান, গঞ্জু একটি মোটরবাইকে করে রামনগর হয়ে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছেন। এর পরেই পরিকল্পনা করে ফাঁদ পাতে এটিএস। গঞ্জুকে দেখা মাত্র এটিএস তাঁকে থামতে বলেছিল। কিন্তু তিনিই প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাই আত্মরক্ষার্থে এটিএস-ও গুলি চালায়। তাতেই জখম হন গঞ্জু। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।



