বিকাশ ধর হত্যাকাণ্ডে SIT তদন্ত ও দ্রুত বিচারের দাবি দুই সংগঠনের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট :
বিজেপির বুথ সভাপতি ও আরএসএস কর্মী বিকাশ ধর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীভূমিতে সরব হয়েছে পাথারকান্দি হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার পাথারকান্দি সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান করে সংগঠন দু’টির প্রতিনিধিরা।

স্মারকলিপিতে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন, মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে স্থানান্তর করে দ্রুত বিচার এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংগঠনগুলির বক্তব্য, গত ১২ আগস্ট বাজরিছড়া এলাকার চাগলমোয়া গ্রামের বাসিন্দা বিকাশ ধরকে দিনের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় দিনের বেলায় এমন হত্যাকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে বলে দাবি সংগঠনগুলির।
তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের ধরন অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। তাই ব্যক্তিগত শত্রুতা, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র কিংবা কোনো অপরাধী চক্রের যোগ রয়েছে কি না, তা-সহ ঘটনার প্রতিটি দিক SIT-এর মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তে কোনও ধরনের রাজনৈতিক বা অন্য প্রভাব যাতে কাজ না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত তথ্য ও প্রমাণ যাচাই করে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে নিয়ে যাওয়ারও দাবি জানিয়েছে সংগঠন দু’টি। তাদের মতে, দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।

এদিকে, স্মারকলিপিতে দেশভাগের সময় বাস্তুচ্যুত হিন্দু পরিবারগুলির জন্য বরাদ্দ উদ্বাস্তু জমি অবৈধ দখলমুক্ত করার দাবিও জানানো হয়েছে। সরকারি নথি যাচাই করে প্রকৃত ভূমিপ্রাপকদের অধিকার সুরক্ষিত করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপির প্রতিলিপি শ্রীভূমি জেলা কমিশনার, জেলা সিনিয়র পুলিশ সুপার এবং পাথারকান্দি সার্কল অফিসারের কাছেও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *