বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : হাইলাকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা এবং স্থানীয় মানুষের প্রয়োজন নিয়ে বুধবার গুয়াহাটির জনতা ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের খাদ্য ও গণবণ্টন এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের কার্যালয়ে আয়োজিত বৈঠকে হাইলাকান্দি ও লালা পুরসভার জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতিরা অংশ নেন।
বৈঠকে হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস, হাইলাকান্দি পুরসভার পুরপতি মানব চক্রবর্তী, লালা পুরসভার পুরনেত্রী টুরশী রায়, দুই পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কমিশনার এবং বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া গৃহ নির্মাণ ও নগর বিষয়ক বিভাগের সচিব তথা পুর প্রশাসন অধিদপ্তরের ভারপ্রাপ্ত সঞ্চালক টংকেশ্বর দাসসহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাও বৈঠকে যোগ দেন।
বৈঠকে হাইলাকান্দি ও লালা পুরসভায় চলমান এবং ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, কাজের ধীরগতি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন সমস্যার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
জনপ্রতিনিধিরা নিজেদের এলাকার সমস্যা ও উন্নয়নমূলক কাজের প্রতিবন্ধকতাগুলি সরাসরি মন্ত্রী কৌশিক রায়ের কাছে তুলে ধরেন। দ্রুত প্রকল্প বাস্তবায়ন, প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা এবং স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে বিধায়ক ড. মিলন দাস জানান, অভিভাবক মন্ত্রীর উপস্থিতিতে পুরসভা ও পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং স্থানীয় সমস্যার সমাধানে মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।



