শিলচরের তিনদিনের দুর্গাপূজা ফ্যাশন মেলা, অংশ নিচ্ছেন ২০ নারী উদ্যোক্তা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শিলচরে ফের আয়োজিত হতে চলেছে আরআর ফ্যাশনের বিশেষ দুর্গাপূজা ফ্যাশন মেলা। দ্বিতীয়বারের মতো আগামী ২২ থেকে ২৪ আগস্ট রাঙ্গিরখাড়ির হোটেল বিভায় অনুষ্ঠিত হবে এই তিনদিনের মেলা। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় স্থানীয় ২০ জন নারী উদ্যোক্তা তাঁদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। উৎসবের মরশুমকে সামনে রেখে মেলায় থাকছে নানা ধরনের আকর্ষণীয় সামগ্রীর সম্ভার। মেলায় পাওয়া যাবে হাতে তৈরি ব্যাগ, সুগন্ধি মোমবাতি, উপরত্নের তৈরি ব্রেসলেট ও আংটি, মহিলাদের জন্য আধুনিক ডিজাইনের শাড়ি ও পোশাক এবং রূপচর্চার বিভিন্ন পণ্য। স্থানীয় শিল্পী ও উদ্যোক্তাদের তৈরি সামগ্রী এক ছাদের নিচে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
ক্রেতা ও দর্শনার্থীদের উৎসাহিত করতে গতবারের মতো এবারও রাখা হয়েছে বিনামূল্যে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা। আয়োজকদের আশা, দুর্গাপূজার আগে এই মেলা স্থানীয় হস্তশিল্প ও ডিজাইনের সঙ্গে ক্রেতাদের সরাসরি পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।

মেলার আয়োজনে উপস্থিত ছিলেন আরআর ফ্যাশনের ঋদ্ধি দে, মীনাক্ষী পাল, অর্পিতা দেবাশিস, নবনীতা দত্ত সেনগুপ্ত, নুরিন নাহার বড়ভূইয়া, শিপ্রা দাস, সঙ্গীতা ভট্টাচার্য, সুইটি পাল, মঞ্জুরি দেব ও অনিতা রায়-সহ অন্যান্যরা।

আয়োজকদের মতে, স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বিক্রির পাশাপাশি উৎসবের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে এই ফ্যাশন মেলা। মেলাকে ঘিরে দর্শনার্থী ও ক্রেতাদের ভালো সাড়া মিলবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *