হাইলাকান্দির ATM-এ প্রতারণার অভিযোগ, টাকা বেরোনোর মুখে বসানো অতিরিক্ত বক্স

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : হাইলাকান্দি শহরের ব্যস্ত পাবলিক স্কুল রোডের পিএইচই-র পাশে থাকা SBI ATM-কে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও হাতে আসেনি নগদ। পরে এটিএমের টাকা বের হওয়ার রাস্তায় অস্বাভাবিক একটি অতিরিক্ত বক্স দেখতে পান ওই গ্রাহক।

অভিযোগ, এটিএমের যেখান দিয়ে টাকা বেরিয়ে আসে, সেই অংশেই কৌশলে একটি অতিরিক্ত বক্স বসানো হয়েছিল। ফলে গ্রাহক লেনদেন সম্পন্ন করে টাকা তোলার পরও নগদ অর্থ ওই বক্সের মধ্যে আটকে যাচ্ছিল। প্রথমদিকে বিষয়টিকে এটিএমের প্রযুক্তিগত ত্রুটি মনে করে অনেকেই সেখান থেকে চলে যান বলে অভিযোগ।

তবে এক গ্রাহক টাকা না পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে cash outlet-এ লাগানো ওই অস্বাভাবিক বক্সটি দেখতে পান। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরীক্ষা শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ।
কে বা কারা এটিএমে ওই অতিরিক্ত বক্সটি লাগিয়েছে, কতদিন ধরে এই ব্যবস্থা চলছিল এবং ইতিমধ্যে কতজন গ্রাহক এর শিকার হয়েছেন—তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে কোনও প্রতারণা চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এটিএমের সিসিটিভি ফুটোজসহ বিভিন্ন তথ্যের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ব্যস্ত এলাকায় এসবিআই এটিএমে ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এটিএম থেকে টাকা তোলার সময় লেনদেন সম্পন্ন হলেও নগদ না বের হলে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত ব্যাঙ্ক ও পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *