অসম কেবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিল্প-নিয়োগ থেকে প্রশাসনিক পুনর্গঠনে জোর

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিল্প, নিয়োগ, সমবায়, শিশু সুরক্ষা, ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং প্রশাসনিক পুনর্গঠন—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। মঙ্গলবার দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্তগুলির কথা জানান। পাশাপাশি কাজিরাঙার ইকো-সেনসিটিভ জোন নিয়ে চলমান বিতর্ক নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি।

শিল্প ও কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্পনীতিতে অনুমোদন দিয়েছে কেবিনেট। একইসঙ্গে অসম শিল্প বিধিতেও অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তেল ও গ্যাসের নতুন সম্ভাবনা খুঁজে খনন কার্য চালাতে বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা ও ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে জিএসটি ছাড়ের পাশাপাশি রাস্তা ও বিদ্যুৎ সংযোগের সুবিধাও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এর আগে বড়েকুড়ি এলাকাতেও খনন কার্য চালানো হয়েছিল।

সমবায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে অনলাইনে সমবায় নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুগ্ধ সমবায় একই দিনে নিবন্ধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যান্য সমবায়ের নিবন্ধন সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। শিশু সুরক্ষার ক্ষেত্রে Assam Social Security Rules বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি Assam State Child Protection Policy-তেও অনুমোদন দিয়েছে কেবিনেট। রাজ্যে যুব কল্যাণ বিভাগ চালুর প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নতুন করে ৮টি সম-জেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বরাক উপত্যকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে শিলচর থেকে ৩২টি বিভাগ পরিচালনার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। বরাকের মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ রাখা হবে।

এদিকে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখে বেসরকারি কোচিং প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকায় অনুমোদন দিয়েছে কেবিনেট। ৫০ জনের বেশি শিক্ষার্থী থাকা কোচিং প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। ভবনের নিরাপত্তা, পরামর্শদাতা নিয়োগ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর মতে, শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতেই এই বিধিনিষেধগুলি কঠোরভাবে কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *