অভিনব পদ্ধতি! গাড়ির নম্বর প্লেটের পেছনে চেম্বার থেকে উদ্ধার মাদক

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজোরামের সাইতুয়াল জেলার এনগোপা এলাকায় পৃথক যৌথ অভিযান চালায় আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশ। রবিবার অভিযানে দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি দু’টি গাড়িসহ ১২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে।

প্রথম অভিযানে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন প্যাকেটের মধ্যে রাখা ৪০টি সাবান কেস উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে মোট ৪৩২ গ্রাম হেরোইন নং ৪ ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ টাকা। অভিযানে একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয় এবং দেবেন্দ্র সিং (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বিহারের মুরাফফরপুরের শিবসেন সিংয়ের ছেলে বলে জানা গেছে।

অন্য একটি অভিযানে যৌথ বাহিনী আরও এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ১০৯টি সাবান কেস উদ্ধার করা হয়, যাতে মোট ১.১৮০ কেজি হেরোইন নং ৪ ছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৫ লাখ টাকা। গাড়ির পিছনের নম্বর প্লেটের পেছনে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারে মাদকগুলো লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়।

উদ্ধার হওয়া মাদক, গাড়ি এবং অন্যান্য সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য এনগোপা থানায় হস্তান্তর করা হয়েছে। এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *