মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : বিজেপির বুথ সভাপতি তথা বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বাসিন্দা বিকাশ ধর হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায়বিচারের দাবিতে সরব হল বাজারিছড়া বাজার কমিটি। রবিবার বাজার কমিটির পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বাজারীছড়া থানার পুলিশ আধিকারিকের মাধ্যমে শ্রীভূমি জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে ন্যায়বিচার এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানানো হয়।
বাজার কমিটির কর্মকর্তারা বলেন, একজন নিরীহ মানুষের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। স্মারকলিপি প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ন্যায়বিচারের দাবিতে ক্ষোভ আরও জোরালো হয়েছে।



