কাছাড়ে মালি সমাজের জেলা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট :
ঐক্য, অধিকার ও সামাজিক উন্নয়নের বার্তা নিয়ে কাছাড়ে অনুষ্ঠিত হল মালি সমাজের জেলা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান। কাছাড় জেলা মালি সমাজের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন জেলা এবং বহিরাজ্য থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে মালি সমাজের শিক্ষা, কর্মসংস্থান, সরকারি সুযোগ-সুবিধা, প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব ও সামাজিক উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন প্রতিনিধিরা। সরকারি দফতর, বোর্ড, কমিশন, স্থানীয় সংস্থা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে যোগ্য সদস্যদের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

পাশাপাশি সরকারি ওয়েলফেয়ার ও ডেভেলপমেন্ট সংস্থাগুলিতেও মালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানানো হয়। শিলচরে সমাজের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্থায়ী কমিউনিটি ভবন নির্মাণের দাবিও ওঠে। এজন্য সরকারের কাছে পাঁচ কাঠা উপযুক্ত সরকারি জমি বরাদ্দের আবেদন জানানো হয়েছে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল কৃতী ছাত্রছাত্রী ও পেশাজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত ১২ জন কৃতীকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের সাফল্যকে সমাজের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে তুলে ধরেন বক্তারা।

সম্মেলন থেকে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি বৃহত্তর সমাজের সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের বক্তব্য, সরকারি সুযোগ-সুবিধা ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণের মাধ্যমেই মালি সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। সেই লক্ষ্যেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা উঠে আসে সম্মেলন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *