শিলকুড়িতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শিলচরের শিলকুড়িতে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ এবং ‘পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি’-র যৌথ উদ্যোগে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার শিলকুড়ির ‘সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে’ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

চারটি পৃথক বয়সভিত্তিক বিভাগে মোট ৮৯ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিজেদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরতে খুদে প্রতিযোগীরা রং-তুলিতে নানা বিষয় ফুটিয়ে তোলে। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুশান্ত রায়, অমন বর্মা, নিকিতা নুনিয়া, নন্দিতা চক্রবর্তী, পূজা পাণ্ডে, শর্মিষ্ঠা দাস, রুদ্র দাস-সহ আরও অনেকে। স্কুলের অধ্যক্ষ প্রণয় নাগ এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর প্রোজেক্ট চেয়ারপার্সন বাবুল কুমার প্রতিযোগিতার সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার ফলাফল শীঘ্রই ঘোষণা করা হবে। আগামী ২৫ আগস্ট একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশু ও যুবসমাজের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়াতে আগামী দিনেও যৌথভাবে এ ধরনের আরও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *