মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিবসটি পালিত হয়েছে। সমজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর দেশাত্মবোধক অনুষ্ঠান, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কর্মসূচি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়। দিবসের মূল অনুষ্ঠান হয় পাথারকান্দির ঐতিহ্যবাহী মুণ্ডমালা খেলার মাঠে। সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন সমজেলা আয়ুক্ত সপ্ততি এন্দো। জাতীয় সংগীত পরিবেশনের পর তিনি হুডখোলা জিপে মাঠ প্রদক্ষিণ করে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। বক্তব্যে তিনি স্বাধীনতা সংগ্রামের শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের উন্নয়নে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি ক্যাডারদের প্যারেড। প্রতিযোগিতায় প্রথম হয় চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজ, দ্বিতীয় পাথারকান্দি কলেজ এবং তৃতীয় হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল। বিজয়ীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
এদিন ভোর সাড়ে ৫টায় দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে প্রভাত ফেরি, সকাল ৭টায় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসগৃহে এবং সাড়ে ৭টায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় পাথারকান্দি স্পোর্টস কমিটির উদ্যোগে জাতীয় পতাকা হাতে দৌড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। দিনভর ব্যান্ড প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। উল্লেখযোগ্য অবদানের জন্য রিমা দেব ও সায়ন্তিকা দাসকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি পাথারকান্দি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়।
প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি পাথারকান্দিতে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির আবহে পরিণত হয়।



