বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : দুর্ঘটনা নয়, ড্রাগস ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হত্যা করেছে SI নবজিৎ দাসকে। মূল অভিযুক্ত জুরিয়ার মাদক ব্যবসায়ী সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিমের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তার ভাই মহিদুল ইসলাম এবং বাবা আব্দুল কুদ্দুস ফারাজিকেও।
এছাড়াও সেলিমের সহযোগী মফাজ্জুল ইসলাম এবং এক মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে গাড়ি দিয়ে ধাক্কা মেরে SI নবজিৎ দাসকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ডিমা হাসাও জেলার লাইসঙ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন নবজিৎ দাস। তাঁর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার রাতে চেকিং চলাকালীন কর্তব্যরত অবস্থায় তাঁকে একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এসআই দাস ওদালগুড়ি জেলার বাসিন্দা ছিলেন।



