আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সোনাই এলাকায় বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে ৮০তম স্বাধীনতা দিবস।শনিবার ভোর হতেই স্বাধীনতা পালনের প্রস্তুতিতে এলাকা জোড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি বিভাগ সহ সরকারি-বেসরকারি স্কুল কলেজ, সেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে।
এদিন সোনাই সার্কল অফিসে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন সার্কল অফিসার দিবাকর দেব। এরপর সার্কল অফিসার সহ বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার বিভাগীয় কর্মীদের নিয়ে সোনাই হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। সার্কল অফিসের আয়োজনে সোনাই ফুটবল মাঠে সার্কল অফিস একাদশ এবং সোনাই ক্লাবের মধ্যে জমজমাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সব চাইতে আকর্ষণীয় হয়ে উঠে সোনাই শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা সেকেন্ডারি স্কুলের কচিকাঁচা শিশুদের সোনাই শহরের বিভিন্ন সড়ক পথ পরিক্রমা দৃশ্য। সোনাই শহরের গ্রামীণ মহিলা সমাজ কল্যাণ সংস্থা কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে শিশুদের মধ্যে বিস্কুট বিতরণ করা হয়। সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর সহ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আলম হোসেন চৌধুরী, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি খসরু আমল চৌধুরী সহ কংগ্রেস কর্মীরা।

এদিন সোনাই মাল্টি পারপাস হলে সোনাই থানা পর্যায়ে কমিটি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হয়।



