মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এরই অংশ হিসেবে শনিবার শ্রীভূমি জেলার সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সকাল ৯টায় আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পতাকা উত্তোলনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী এবং সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে।জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে ভিড় করেন প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষ। এরপর শুরু হয় বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি পুলিশ, এনসিসি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এতে অংশ নেন।
শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠানস্থলে ফুটে ওঠে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও শৃঙ্খলার চিত্র। স্বাধীনতা সংগ্রামের অগণিত শহিদ ও বীর সেনানীদের আত্মত্যাগও এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় স্বাধীনতার গৌরব ও মাতৃভূমির প্রতি ভালোবাসার আবেগ আরও গভীর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, বিধায়ক জাকারিয়া আহমদ-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিনের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে দেশের ঐক্য, অখণ্ডতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পতাকা উত্তোলন, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ—সব মিলিয়ে শ্রীভূমির সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ৮০তম স্বাধীনতা দিবসের আয়োজন পরিণত হয় দেশপ্রেম ও জাতীয় চেতনার এক বর্ণাঢ্য মিলনমেলায়।



