বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : বরপেটা জেলার মন্দিয়া কেন্দ্রের জনিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবস উদযাপন চলাকালীন ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিধায়ক শেরমান আলি আহমদ জাতীয় পতাকা উত্তোলন করার সময় আচমকাই ছিঁড়ে যায় পতাকাটি। পরে পতাকাটি পুনরায় মেলানোর চেষ্টা করা হলেও সম্পূর্ণভাবে তা মেলানো সম্ভব হয়নি। ঘটনাকে ঘিরে উপস্থিতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অন্যদিকে, মরিগাঁও জেলাতেও জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে। জেলার কপিলি শিক্ষাখণ্ডের অন্তর্গত বরভগিয়া বালক প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলনের পর আচমকাই পতাকাটি অর্ধনমিত হয়ে নিচে নেমে আসে বলে অভিযোগ। আরও অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষয়িত্রীরা উপস্থিত না থাকায় স্থানীয় বাসিন্দারাই পতাকা উত্তোলন করেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পতাকার যথাযথ মর্যাদা ও উত্তোলনের নিয়ম মেনে চলা নিয়ে প্রশ্ন উঠেছে।





