রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে শনিবার, ১৫ আগস্ট, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে শিলচরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, কাছাড় পুলিশ, এনসিসি এবং আসাম রাইফেলসের সদস্যরা প্যারেডে অংশ নেন। এরপর তিনি অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ও প্রকল্পের বাস্তবায়নের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার রাহুলকুমার গুপ্তা, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, শিলচর টাউন থানার আধিকারিক, শিলচরের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদ, বিজেপির জেলা সভাপতি সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে দেশাত্মবোধ ও উৎসবের আবহে স্বাধীনতা দিবস পালিত হয়।
এ দিন জেলা প্রশাসনের উদ্যোগে ব্যায়াম প্রদর্শন, ধামাইল, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও, সদর থানা, ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট-সহ বিভিন্ন সরকারি কার্যালয়, স্কুল ও কলেজ, ক্লাব, সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।




