বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : শিলচর পরমানন্দ বিদ্যামন্দিরে শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হল একদিবসীয় ‘প্রণব বিজ্ঞান উৎসব ২০২৬’। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান প্রদর্শনী উৎসবে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৈমুর রাজা চৌধুরী, শশাঙ্ক ধর, অসিত চক্রবর্তী-সহ পরমানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকারা।
বিজ্ঞান উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে তৈরি নানা ধরনের বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়কে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়।

পরমানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিদ্যালয়ে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তাঁরা আরও জানান, আগামী দিনে এই বিজ্ঞান উৎসবকে আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যুক্ত করে বৃহৎ পরিসরে বিজ্ঞান প্রদর্শনী আয়োজনের বিষয়েও চিন্তাভাবনা চলছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের আশা।



