দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : শিলকুড়ি চা-বাগানের শ্রমিকদের মানবিক উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ল ৫৫ হাজার টাকা। বুধবার শিলকুড়ি চা-বাগানের ম্যানেজার ওম প্রকাশ সিং এবং চারটি বাগান পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে উধারবন্দের বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালার হাতে ৫৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই অর্থ সংগ্রহ করা হয়েছে। ভরাখাই, শিলকুড়ি, দরগাকোণা ও দর্মিখাল—এই চারটি চা-বাগানের শ্রমিকরা নিজেদের সাপ্তাহিক মজুরি থেকে প্রত্যেকে ১০০ টাকা করে অনুদান দেন। শ্রমিকদের সম্মিলিত সহযোগিতায় মোট ৫৫ হাজার টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে এবং বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রী সরবরাহে তা ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদ্বীপ গোয়ালা জানান, সাম্প্রতিক বন্যায় শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও ও যোরহাট জেলার বহু মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জেরে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। রাজদীপ গোয়ালা বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্রুত ও সমন্বিতভাবে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। তবে সরকারি সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের মানবিক উদ্যোগও বিপর্যয়-পরবর্তী পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শ্রমিকদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি শিলকুড়ি চা-বাগানের ম্যানেজার ওম প্রকাশ সিং এবং উপস্থিত বাগান পঞ্চায়েতগুলিকে ধন্যবাদ জানান। শ্রমিকদের এই সহযোগিতা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও তিনি উল্লেখ করেন।



