১২ আগস্ট : গোটা দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা ছাত্র বিক্ষোভের আবহেই এ বার ইউএসএ, ব্রিটেন এবং ক্যানাডায় গিয়ে সেখানকার প্রবাসী ভারতীয় এবং জেন জ়ি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত৷ আরএসএসের সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে আগামী ২৫ অগস্ট ভাগবতের এই সফরের কথা জানিয়েছেন। আরএসএসের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই সংগঠনের প্রথম সারির নেতারা অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে ওই তিনটি দেশ ঘুরে এসেছেন।
তবে প্রবাসী জেন জি়–দের বার্তা দেওয়ার আগে এ দেশের জেন জি় প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে আরও একবার কথা বলতে চান সরসঙ্ঘচালক। সেই লক্ষ্যে আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন নাগপুরের কস্তুরচাঁদ পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জেন জি় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবেন ভাগবত। কিছু দিন আগে মুম্বইয়ে এ রকমই এক অনুষ্ঠান থেকে সরসঙ্ঘচালক জেন জি়–র মন ছোঁয়ার চেষ্টা করেছিলেন। দিল্লির যন্তর মন্তরে ‘নিট’–প্রতিবাদীদের বিক্ষোভ চলাকালীনও আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জের সমালোচনার সুর শোনা গিয়েছিল ভাগবতের কথায়।
সূত্রের দাবি, আমেরিকা সফরের আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অখিল ভারত সমন্বয় বৈঠকে সভাপতিত্ব করবেন আরএসএস প্রধান৷ বিজেপি–সহ সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত ৩২টি সংগঠনের শীর্ষ পদাধিকারীরা সেখানে উপস্থিত থাকবেন। ১৯ অগস্ট এই বৈঠক হওয়ার কথা৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক জেন জি় আন্দোলনের প্রেক্ষিত নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে।
আগামী বছরে দেশের সাতটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ এই রাজ্যগুলি হলো— উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গোয়া এবং মণিপুর। তার আগে জেন জি় আন্দোলন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলেছে বলে বিরোধীদের ব্যাখ্যা৷ ‘নিট’ প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি দিল্লির যন্তর মন্তরের আন্দোলনকে হালকা চালে নিতে চাইছে না আরএসএস–ও। তারা মনে করছে, কোনও দমন–পীড়ন নয়, তরুণ প্রজন্মের আস্থা অর্জন করাই নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য হওয়া উচিত। জেন জি় আন্দোলনকে সরকার যে ভাবে হ্যান্ডল করেছে, তাতে যে সঙ্ঘ নেতৃত্ব খুশি নন, সেটা ভাগবতের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাই সরসঙ্ঘচালক নিজেই মাঠে নেমেছেন বলে সূত্রের দাবি।



