বন্যাদুর্গতদের পাশে এসইউসিআই, শিবসাগর ও যোরহাটে বিনামূল্যে চিকিৎসা শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি। দলের উদ্যোগে মঙ্গলবার শিবসাগর জেলার সনটক এবং যোরহাট জেলার এলেংমারায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

যোরহাটের এলেংমারায় আয়োজিত চিকিৎসা শিবিরে পরিষেবা প্রদান করেন আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম-সঞ্চালক তথা মেডিকেল সার্ভিস সেন্টারের আসাম শাখার আহ্বায়ক ডাঃ চিত্রলেখা দাস, ডাঃ রাজ বর্মন ও ডাঃ বাবু রাসেল। শিবিরে ফার্মাসিস্ট মিঠুন মাইতি প্রয়োজনীয় সহায়তা করেন।

অন্যদিকে, শিবসাগর জেলার সনটকে অনুষ্ঠিত শিবিরে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক ডাঃ সাহারিয়ার আলম ও ডাঃ বিক্রম মণ্ডল। ফার্মাসিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ভাইটি রিছং।

চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে চিকিৎসকরা স্থানীয় অসুস্থ মানুষদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন। তাঁদের কাছ থেকে জানা যায়, ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন ধরে জলের নিচে ছিল। দীর্ঘ সময় ধরে বাড়িঘর প্লাবিত থাকায় বন্যা-পরবর্তী সময়েও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বন্যাকবলিত এলাকাগুলিতে নিয়মিত চিকিৎসা শিবির আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি, বন্যার পরবর্তী পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই এসইউসিআই (কমিউনিস্ট) জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে। আগস্ট মাস থেকে দলের উদ্যোগে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা শিবিরও পরিচালনা করা হচ্ছে। আগামী দু’দিনও জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *