মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অসম সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নতুন মাত্রা যোগ হলো। সোমবার গোলাঘাট জেলার কাচারিঘাটস্থিত গোলাঘাট গাঁও পঞ্চায়েত সমবায় সমিতি প্রাঙ্গণে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NSA)-এর আওতাভুক্ত উপভোক্তাদের জন্য ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক পুনরায় সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপভোক্তা, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, রাজ্য সরকারের লক্ষ্য শুধুমাত্র খাদ্যশস্য সরবরাহ করা নয়, বরং প্রতিটি দরিদ্র ও প্রান্তিক পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।তিনি আরও বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন এর আওতায় উপভোক্তাদের ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও সুরক্ষিত করবে। সরকারের প্রত্যেকটি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সমাজের শেষ প্রান্তে থাকা মানুষদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুমটাইয়ের বিধায়ক মৃণাল শইকিয়া, দেরগাঁওয়ের বিধায়ক মৃদুল দত্ত, গোলাঘাটের জেলা আয়ুক্ত বিশ্বজিৎ ফুকন, বিজেপির গোলাঘাট জেলা সভাপতি চন্দ্রজ্যোতি ঠাকুর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা।



