ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ত্রিপুরার কৈলাসহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের দশটেকি এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চালানোর সময় বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়। তবে গুলিচালনার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সূত্রের আরও খবর, নিহতের মৃতদেহ বর্তমানে কাঁটাতারের ওপারে ভারতের ভূখণ্ডে পড়ে রয়েছে। মৃতদেহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিএসএফের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিএসএফ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয়, কীভাবে গুলিচালনার ঘটনা ঘটল এবং কী উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় প্রবেশ করেছিলেন—এসব বিষয় তদন্তের পর আরও স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *