১৫২ জন সাঁতারুর অংশগ্রহণে জমে উঠল নবম অল কামরূপ সাঁতার প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুন : ক্রীড়া প্রতিভার বিকাশ ও নবীন সাঁতারুদের উৎসাহিত করার লক্ষ্যে ডাঃ জাকির হোসেন মেমোরিয়াল সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ৯ম অল কামরূপ সাঁতার প্রতিযোগিতা। রবিবার আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়স বিভাগের মোট ১৫২ জন সাঁতারু অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় তুলে ধরেন।

দিনভর অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা প্রাণবন্ত লড়াইয়ের মাধ্যমে প্রতিযোগিতাকে করে তোলেন উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নবীন সাঁতারুদের জন্য এই আসর শুধু প্রতিযোগিতার ক্ষেত্রই নয়, বরং নিজেদের সক্ষমতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও বিবেচিত হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট সাঁতারু কমল কৃষ্ণ দাসকে বিশেষ সংবর্ধনা প্রদান। সম্প্রতি তিনি শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত পাল্ক প্রণালী অতিক্রম করে টানা ২৯ কিলোমিটার সাঁতার কেটে এক বিরল কৃতিত্বের নজির স্থাপন করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশিক্ষক বাবুল গুরুংকেও সংবর্ধিত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সাঁতার সংস্থার প্রচার সম্পাদক মুকুটেশ্বর গোস্বামী, অল কামরূপ সাঁতার সংস্থার সাধারণ সম্পাদক নবজ্যোতি গগৈ, যুগ্ম সম্পাদক সিদ্ধান্ত দাস, বিশিষ্ট সাংবাদিক দেবারুণ বরঠাকুর ও পুলিন সাহা, জিএসটির অতিরিক্ত কমিশনার হেমাঙ্গ ফুকন এবং প্রাক্তন জাতীয় স্বর্ণপদকজয়ী সাঁতারু সাগর কুমার।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *