বরাক তরঙ্গ, ৯ আগস্ট : শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাবে শনিবার রাতে সিটি হেলথ কেয়ারের ‘ফ্যামিলি হেলথ কার্ড’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ক্রীড়াব্যক্তিত্ব বিজেন্দ্র প্রসাদ সিংয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ অম্লান মণ্ডল। অনুষ্ঠানে ডাঃ মণ্ডল এই উদ্যোগের প্রশংসা করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ইটখলা অ্যাথলেটিক ক্লাবের সভাপতি রতন সিং, অর্থোপেডিক সার্জন ডাঃ বিশ্বরূপ রায়, সিটি হেলথ কেয়ারের পরিচালক দীপন দেওয়ানজি, সন্দীপ দে ও ডাঃ সুস্মিতা দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন সিটি হেলথ কেয়ারের ২৫ বছরের সেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সুবিধাভোগীদের হাতে ‘ফ্যামিলি হেলথ কার্ড’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তরুণ ফুটবল খেলোয়াড়দের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও ক্রীড়াক্ষেত্রে এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ক্লাব কর্তৃপক্ষ ও সিটি হেলথ কেয়ার কর্তৃপক্ষ।



