দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : নিখোঁজ মহিলার মৃতদেহ নালা থেকে উদ্ধার হল। এ ঘটনায় ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ব গজলঘাট এলাকার পুরোহিত রবীন্দ্র চক্রবর্তীর স্ত্রী তপতী শর্মা (৪২) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
এরই মধ্যে আজ শনিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ পূর্ব দেবীপুর শ্মশানের পাশের পুনিখাল নালায় একটি মহিলার লাশ দেখতে পান এক ব্যক্তি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা লাশটি নিখোঁজ তপতী শর্মার বলে শনাক্ত করেন বলে জানা গেছে।
খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি কীভাবে ওই মহিলার মৃত্যু হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।



