হাইলাকান্দি হাসপাতালে বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যু, উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে ১০ বছর বয়সী এক বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকের গাফিলতি এবং সময়মতো কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকায় চিকিৎসা পেতে বিলম্ব হয়েছে, যার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, পার্শ্ববর্তী শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়।

পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসককে সময়মতো পাওয়া যায়নি। ফলে শিশুটির চিকিৎসা শুরু হতে দেরি হয়। পরে শিশুটির মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে চিকিৎসায় কোনও গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

তবে চিকিৎসকের গাফিলতির অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *