ক্রেতাদের স্বার্থে বাজারে আকস্মিক অভিযান মিলনের, ত্রুটিপূর্ণ তিনটি ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বাজারে ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে হাইলাকান্দির হার্টবার্টগঞ্জ পুরাতন বাজারে শুক্রবার আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পুরসভার পুরপতি মানব চক্রবর্তী এবং ওজন ও পরিমাপ বিভাগের আধিকারিকরা।

জানা গেছে, কয়েকদিন আগে জ্যেষ্ঠ নাগরিকদের এক সভায় বাজারে ওজন পরিমাপে অনিয়ম ও কারচুপির অভিযোগ বিধায়ক মিলন দাসের কাছে উত্থাপিত হয়। সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মাছ ও মাংস বিক্রেতাদের ব্যবহৃত দাঁড়িপাল্লা এবং ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র খতিয়ে দেখা হয়। পরিদর্শনে তিনজন ব্যবসায়ীর ওজন মাপার যন্ত্রে ত্রুটি ধরা পড়ে। পরে ওজন ও পরিমাপ বিভাগ সংশ্লিষ্ট তিনটি যন্ত্র জব্দ করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক ড. মিলন দাস বলেন, বাজারে ওজন পরিমাপ নিয়ে কোনো ধরনের প্রতারণা বা কারচুপি বরদাস্ত করা হবে না। সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *