দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার পূর্ব ধলাইয়ের স্মিতনগরে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা সারদা দাসের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা সময়মতো ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে এলেও ঘরের আসবাবপত্র, পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ধলাই অগ্নি নির্বাপক বাহিনীর একটি দল এবং পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজে অংশ নেয়।
দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সারদা দাসের বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



