নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার ৩০৮ অপহৃত নাগরিক

Spread the news

৬ আগস্ট : নাইজেরিয়ায় গোয়েন্দা ও যৌথ নিরাপত্তা বাহিনীর বৃহৎ অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। সফল এ অভিযানের জন্য প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়াদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সমন্বিত অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চল থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সশস্ত্র বাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় সেবা বিভাগের সদস্যরা অংশ নেন। সরকারের দাবি, যৌথ নিরাপত্তা বাহিনীর এক দিনের অভিযানে এটিই এ পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানিয়েছে, বেনিন সীমান্তবর্তী কোয়ারা রাজ্য সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কাইয়ামা এলাকার একটি স্থানীয় সম্প্রদায়ে সশস্ত্র হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করা হয়। তাদের মুক্তির পর কোয়ারা রাজ্য সরকার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, নিরাপত্তা বাহিনী এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়।

অন্যদিকে, নাইজেরিয়াভিত্তিক পাঞ্চ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গিদের সমন্বিত হামলায় সম্প্রতি অন্তত ২০০ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *