বন্যা পুনর্বাসনে ওআইএল-ও ওএনজিসির কাছে ২০০ কোটি টাকা করে অনুদান চাইল আলফা (স্বাধীন)

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এবং তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম (ওএনজিসি)-কে অন্তত ২০০ কোটি টাকা করে অনুদান দেওয়ার দাবি জানিয়েছে আলফা (স্বাধীন)। বুধবার সংগঠনের সভাপতি ‘জেনারেল পরেশ অসম’-এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি উত্থাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, কয়েক দশক ধরে অসমের মাটি থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে বিপুল মুনাফা অর্জন করেছে দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা। কিন্তু সাম্প্রতিক বন্যায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হলেও তাদের ঘোষিত আর্থিক সহায়তা ক্ষয়ক্ষতির তুলনায় অত্যন্ত অপ্রতুল। সংগঠনের দাবি, অয়েল ইন্ডিয়ার ১৫ কোটি টাকা এবং ওএনজিসির ৮ কোটি টাকার অনুদান পরিস্থিতির তুলনায় যথেষ্ট নয়।

আলফা (স্বাধীন) জানিয়েছে, বন্যায় উজান অসমের বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি এবং জীবিকার উৎস হারিয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আগামী আগস্টের মধ্যেই দুই সংস্থাকে অন্তত ২০০ কোটি টাকা করে প্রদান করতে হবে। পাশাপাশি, প্রতিষ্ঠার পর থেকে অসম থেকে কত পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়েছে এবং তার আর্থিক মূল্য কত, সেই হিসাবও প্রকাশের দাবি জানানো হয়েছে।
এছাড়া বন্যাকবলিত এলাকায় পুনর্গঠন ও জীবিকা পুনর্বাসনের কাজে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবিও তুলেছে সংগঠনটি।

দাবি আদায়ে অসমের জাতীয় ও আঞ্চলিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হয়ে ওআইএল ও ওএনজিসির উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে আলফা (স্বাধীন)। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলন, অসহযোগ কর্মসূচি এবং দুই সংস্থার কাজকর্ম ব্যাহত করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে বুধবার রাত পর্যন্ত অয়েল ইন্ডিয়া বা ওএনজিসির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *