দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন কৃষ্ণপুর-গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘অসম দর্শন’ প্রকল্পের আওতায় পাঁচটি উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ। মঙ্গলবার দিনভর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গিয়ে তিনি প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথমে গঙ্গানগর নিকামা বস্তির হাজিক ইয়ারাই ক্লাবের দুর্গাবাড়িতে আসাম দর্শন প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়। এরপর গঙ্গানগর সপ্তম খণ্ডের কালাখাল দুর্গাবাড়ি, ভুবনখাল শ্যামানন্দ আশ্রম, ভুবনখাল মা তারা কালীবাড়ি এবং গঙ্গানগর অষ্টম খণ্ডের আখড়াবাড়িতে পৃথকভাবে প্রকল্পগুলির শিলান্যাস করেন বিধায়ক।
এদিন মোট পাঁচটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। শিলান্যাস কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অমিয়কান্তি দাশ জানান, আসাম দর্শন প্রকল্পের অধীনে প্রতিটি কাজের জন্য ৩ লক্ষ টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রথম কিস্তিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। প্রথম কিস্তির কাজ সম্পূর্ণ হওয়ার পর অবশিষ্ট অর্থ ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি সংশ্লিষ্ট কমিটিগুলিকে সরকারি নিয়মনীতি মেনে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এলাকার বিভিন্ন দেবালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
এদিনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, কৃষ্ণপুর-গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী রিনারানি দাশ, এপি সদস্য উপেন্দ্রচন্দ্র দাশ, বিজেপির পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সোমেন দাশ, সুবোধরঞ্জন দাস, বিভাগীয় নেতা সন্দীপ সূত্রধর, অঞ্জন দাস, অলক চন্দ্রসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



