বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : অল আসাম আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাছাড় জেলার কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে বুধবার শিলচরের বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবচন গোয়ালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা লাভলী রানী নাথ, বিজেপির ওবিসি মোর্চার কাছাড় জেলা সভাপতি কিশোর পাল, কাছাড় জেলা ওবিসির সহ-সভাপতি শ্যামকান্তি সিনহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বরাক চা শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক বাবুল কানু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এদিন মোট ১২ জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করা হয়
আয়োজকদের বক্তব্যে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সংবর্ধনা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।



