নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সোনাইয়ের চারজন বিশিষ্ট ব্যক্তি তাঁদের ব্যক্তিগত তহবিল থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছেন। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের হাতে তাঁরা অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত মহল অনুদানদাতাদের প্রশংসা করেন।

অনুদান প্রদানকারীদের মধ্যে রয়েছেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, যিনি ১ লক্ষ ১ হাজার টাকা প্রদান করেন। এছাড়া ১ নম্বর ওয়ার্ডের কমিশনার বিভাশিস রায় ৫১ হাজার টাকা, বিজেপি সংখ্যালঘু মোর্চার সোনাই মণ্ডল সভাপতি আতাবুর রহমান লস্কর ৫০ হাজার ১৫১ টাকা এবং বালাজি গ্যাস এজেন্সির কর্ণধার রামেশ্বর শর্মা ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে প্রদান করেন।
উজান অসমের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।



