আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : মাধবচন্দ্র দাস কলেজের এডুকেয়ার ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রফেসর-ইন-চার্জ ও কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর।
সভার শুরুতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন জানানো হয়। এরপর ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাবের নিজস্ব ব্যাংক হিসাব খোলা না হওয়া পর্যন্ত সদস্যদের বার্ষিক ভর্তি ফি ও মাসিক চাঁদা কোষাধ্যক্ষের নিকট জমা থাকবে। পাশাপাশি সকল সদস্যের জন্য পরিচয়পত্র (আইডি কার্ড) চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন এবং নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য ক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করা হয়। এছাড়া কলেজে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখতে ক্লাবের সদস্যরা সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সদস্যপদ গ্রহণের নিয়ম, মাসিক চাঁদা প্রদান, নিয়মিত সভায় উপস্থিতি নিশ্চিতকরণ এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এছাড়াও সভায় গুণগত শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে গ্রামে গ্রামে সচেতনতামূলক সভা ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সদস্যরা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরা এডুকেয়ার ক্লাবকে একটি আদর্শ ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি ড. আব্দুল মতিন লস্কর তাঁর সমাপ্তি বক্তব্যে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে এডুকেয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



