মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : হাইলাকান্দি জেলার কাটলিছড়ার এক ১৫ বছর বয়সী স্কুলছাত্রী এবং করিমগঞ্জ জেলার রাতাবাড়ির এক স্কুলছাত্রীর ওপর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার করিমগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর করিমগঞ্জ জেলা কমিটি।
সংগঠনের আহ্বানে করিমগঞ্জ শহরের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে ছাত্রছাত্রীরা সমবেত হয়ে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে কাটলিছড়া ও রাতাবাড়ির ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি, দুই মামলার বিচার ফাস্ট-ট্র্যাক আদালতে সম্পন্ন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মদ, মাদক ও পর্নোগ্রাফির অবাধ বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র করিমগঞ্জ জেলা সভাপতি সুজিতকুমার পাল বলেন, এ ধরনের বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করছে যে নারীদের নিরাপত্তা এখনও বড় প্রশ্নের মুখে। অপরাধীদের আড়াল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দুই ছাত্রীর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে ফাস্ট-ট্র্যাক আদালতে বিচার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। এ দাবিতে সর্বস্তরের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি। বিক্ষোভ কর্মসূচিতে এআইডিএসও-র রাজ্যিক সদস্য জয়দীপ দাস, বাবলী দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



