বরাক তরঙ্গ, ৩ আগস্ট : অলইছড়ায় ধর্ষণ ও হত্যার শিকার কিশোরীর ন্যায়বিচারের দাবিতে সোমবার কারিছড়া বাজার কমিটির উদ্যোগে এক মৌন মিছিল বের হয়। মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন কারিছড়া বাজার কমিটির সভাপতি অভিজিৎ পাল চৌধুরী, সম্পাদক সাগর কৈরি, রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর, সমাজসেবী জাফর ইকবাল, পার্থ প্রতিম, আফজল মজুমদার, মুস্তাক লস্কর, বাপ্পি দত্তসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
মিছিল শেষে উপস্থিত সকলেই নিহত কিশোরীর আত্মার শান্তি কামনায় দুই মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। এ সময় এলাকাবাসী বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তারা প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।



