দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মাত্র দেড় বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে ধলাই থানার পাশ থেকে গুরুদয়ালপুর হয়ে ধোয়ারবন্দ পর্যন্ত নির্মাণাধীন সড়কের একাংশ। মুখ্যমন্ত্রীর ‘পকি পথ’ প্রকল্পের অধীনে নির্মিত এই সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে বিভিন্ন স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ধলাই থানা থেকে গুরুদয়ালপুর পর্যন্ত পিচঢালা রাস্তার একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও রাস্তা ধসে মাটির নিচে বসে যাচ্ছে। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির মধ্যেও চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বরাতপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যে রাস্তার এমন করুণ পরিণতি হয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন অংশ ভেঙে পড়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ধলাই–গুরুদয়ালপুর সড়কটি অল্প সময়ের মধ্যেই কাছাড় জেলার একটি জনপ্রিয় ভ্রমণপথ হিসেবে পরিচিতি লাভ করেছিল। তবে বর্তমানে রাস্তার বেহাল অবস্থা দেখে পর্যটক ও ভ্রমণকারীরাও বিস্ময় প্রকাশ করছেন। পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশগুলির মেরামত, নির্মাণকাজের গুণগত মানের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকার বিধায়ক ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপও কামনা করেছেন।



