আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : আসন্ন জনগণনা-২০২৬-২৭ উপলক্ষে সোনাই মাধবচন্দ্র দাস কলেজে প্রথম পর্যায়ের গণনাকারীদের (Enumerators) প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রশিক্ষণের জন্য কলেজে মোট পাঁচটি কক্ষ বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি কক্ষে ৪৯ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। চার দিনের এই প্রশিক্ষণ পর্বে মোট ৯৮০ জন গণনাকারী প্রশিক্ষণ লাভ করবেন।
জানা গেছে, ২৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণার্থীদের জনগণনা সংক্রান্ত আইন ও নীতিমালা, তথ্য সংগ্রহের পদ্ধতি, ডিজিটাল অ্যাপ ব্যবহারের নিয়ম, তথ্যের গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে করণীয় এবং নির্ভুল তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ জনগণনা কার্যক্রমকে আরও সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন মাঠ পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
তাঁদের মধ্যে রয়েছেন ড. নবেন্দু বণিক, কে. করুণামূর্তি মিশ্র, সুকেশ দাস, হেমন্তকুমার বরা, ড. উত্তম দেব, ড. সন্দীপ দেবনাথ, মিহিরকান্তি নাথ, শমীন্দ্র ঘোষ, অনুপম পাঠক, রাহুলকান্তি নাথ এবং খালেদ আজম মজুমদার।
এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সোনাই সার্কল অফিসার দিবাকর দেব, তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, একটি নির্ভুল জনগণনা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক গণনাকারীকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পাশাপাশি তথ্যের গোপনীয়তা রক্ষা এবং সরকারের নির্ধারিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দক্ষ ও প্রশিক্ষিত গণনাকারী তৈরির মাধ্যমে জনগণনা কার্যক্রমকে সফল ও নির্ভুলভাবে সম্পন্ন করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।



