৩১ জুলাই: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম এলাকায় একটি ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় এক শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সংঘটিত এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের নাম দীপক। তাঁর বাড়ি ছত্তিশগড়ে। গুরুতর আহত ভূপেন্দ্র কুমারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাঁর অস্ত্রোপচার চলছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কেল্লামের ওই ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। বিকেলের দিকে আচমকাই কয়েকজন সশস্ত্র বন্দুকধারী সেখানে ঢুকে পড়ে এবং শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে দীপক ও ভূপেন্দ্র মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ইটভাটার অন্যান্য শ্রমিকরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দীপককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কুলগাম পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে। হামলাকারীদের পরিচয়, তাদের সংখ্যা এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।



