শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবের আবহ ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন কাঁচাকান্তি কালীবাড়ি প্রাঙ্গণে। বৃহস্পতিবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যান্ডেলের খুঁটি পোঁতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ৪৯তম বর্ষের দুর্গাপূজার প্রস্তুতির।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নির্মিত হবে প্রায় ৩০ ফুট উচ্চতার মহিষাসুরমর্দিনী দুর্গা প্রতিমা। এই বিশাল প্রতিমা গড়ে তুলতে কলকাতা থেকে অভিজ্ঞ শিল্পীদের আনা হবে, যারা ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন।
খুঁটি পোঁতার অনুষ্ঠানে পূজা কমিটির সদস্যসহ ভক্তরা উপস্থিত ছিলেন। ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হওয়া এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই উৎসবের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

পূজা কমিটির আশা, ব্যতিক্রমী উচ্চতার দুর্গা প্রতিমা এবং আকর্ষণীয় মণ্ডপসজ্জা দেখতে কালাইনের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। ফলে এবারের দুর্গাপূজাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।



