বরাক তরঙ্গ, ৩০ জুলাই : নাগাল্যান্ডের দয়াং জলবিদ্যুৎ প্রকল্পে জলস্তর বেড়ে যাওয়ায় ফের তিনটি গেট খুলে দিয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (নিপকো)। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রকল্প থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯৪ হাজার লিটার জল ছাড়া হচ্ছে।
উল্লেখ্য, উজান অসমের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় নীপকো প্রথমে চারটি গেট খুলে জল ছেড়েছিল। পরে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। তবে বুধবার অসম ও নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের ফলে জলাধারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পুনরায় তিনটি গেট খুলে জল ছাড়া শুরু হয়েছে।
এর জেরে উজান অসমে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গোলাঘাট জেলার সরুপথার বিধানসভা এলাকার দয়াং নদীর জলস্তর নিপকোর জল ছাড়ার পর দ্রুত বৃদ্ধি পায়, ফলে নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই নিপকো প্রথমে দু’টি গেট খুলে জল ছাড়ে। পরে রাতের দিকে আরও দু’টি গেট খোলা হয়। রাত প্রায় ১১টার সময় দুটি গেট এক মিটার এবং বাকি দুটি গেট ০.৭৫ মিটার পর্যন্ত খোলা রাখা হয়। ওইদিন দুপুর ১২টা ২০ মিনিটে দ্বিতীয় নম্বর গেট এবং তার ঠিক ১০ মিনিট পরে, দুপুর ১২টা ৩০ মিনিটে তৃতীয় নম্বর গেটও খুলে দেওয়া হয়।
৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নাগাল্যান্ডের দয়াং জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারে জলের স্তর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় জলাধারের নিরাপদ জলস্তর বজায় রাখতে নিপকো পর্যায়ক্রমে জল ছেড়ে আসছে।



