বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বড়খলা বিধানসভা কেন্দ্রের চাতলা মণ্ডলে একটি পৃথক ব্লক অফিস স্থাপনের দাবি জানিয়ে বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেছেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। বুধবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, ডিলিমিটেশনের পর বড়খলা বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণ এখন সময়ের দাবি।
বিধায়ক জানান, বর্তমানে বড়খলা বিধানসভা এলাকায় তাপাং ব্লক এবং বড়খলা ব্লক—এই দুটি ব্লক অফিস থাকলেও চাতলা মণ্ডলের জন্য কোনও পৃথক ব্লক অফিস নেই। ফলে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাপাং ব্লক অফিসে যেতে হয়। এতে বিশেষ করে প্রবীণ, দরিদ্র ও অসহায় মানুষদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কিশোর নাথ বলেন, ডিলিমিটেশনের পর নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলির প্রশাসনিক চাহিদা বিবেচনা করে চাতলা মণ্ডলে দ্রুত একটি নতুন ব্লক অফিস স্থাপন করা অত্যন্ত জরুরি। এতে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।
তিনি আরও জানান, চাতলা মণ্ডলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পৃথক ব্লক অফিসের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্মারকলিপিও প্রদান করেছে। বিধায়কের দাবি, নতুন ব্লক অফিস স্থাপিত হলে সরকারি পরিষেবা আরও দ্রুত, সহজ ও জনবান্ধব হবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।



